প্রিন্ট করুন
Daily Barta Post
09-08-2026 04:04 AM

বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক

Admin প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক
ছবি: বার্তাপোস্ট

বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার ‘হাসিনা কার্ড’ খেলছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের বাংলাদেশ নীতির পরাজয় হলেও দেশটির নীতিনির্ধারকেরা তা থেকে কোনো শিক্ষা নেয়নি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক শহীদ স্মরণ সমাবেশে এসব কথা বলেন সাইফুল হক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ সব শহীদের স্মরণে এ সমাবেশের আয়োজন করে দলটি।সাইফুল হক বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে ভারতের বাংলাদেশ নীতির পরাজয় ঘটলেও তা থেকে ভারতের নীতিনির্ধারকেরা কোনো শিক্ষা গ্রহণ করেনি।’ তার দাবি, বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাস্তবে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে।

সাইফুল হক বলেন, একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে চাপে রাখতে ‘হাসিনা কার্ড’ ব্যবহার করছে।

দেশি-বিদেশি ‘অপতৎপরতা ও ষড়যন্ত্র’ প্রতিহত করে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। কোনো বিশেষ শক্তি বা গোষ্ঠীর সংকীর্ণ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা জীবন দেননি।

তার ভাষ্য, গণঅভ্যুত্থানের মালিকানা প্রতিষ্ঠা করতে যারা সেটিকে ‘প্যাটেন্ট’ করার চেষ্টা করছেন, তাঁরা এই অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেননি।

গত দুই বছরে দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য বেড়েছে দাবি করে সাইফুল হক বলেন, মানুষের জীবন ও জীবিকা এখনো নিরাপদ হয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো করা হলেও শ্রমিকদের জন্য এখনো জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়নি।

দেশের জ্বালানি সংকটের জন্য বিদেশিনির্ভর জ্বালানি নীতিকে দায়ী করেন তিনি। তার মতে, এ কারণেই দেশে গ্যাস ও বিদ্যুৎ–সংকট ঘনীভূত হয়েছে। জ্বালানি খাতে বিদেশিনির্ভরতা কমিয়ে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও মানুষের জীবন, বিশেষ করে নারীদের জীবন এখনো নিরাপদ হয়নি।

নারীর অধিকার ও মর্যাদাবিরোধী কর্মকাণ্ড বন্ধে আইন করে নারী বিদ্বেষী সব ধরনের অপতৎপরতা নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।

দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, বিএনপি সরকারকে অবশ্যই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ধারণ করতে হবে। আগামী সংসদ অধিবেশনে স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনেরও আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা আবু হাসান টিপু বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ্রমিক ও শ্রমজীবী মানুষের সবচেয়ে বেশি অংশগ্রহণ থাকলেও তারা এখনো সবচেয়ে বেশি বঞ্চিত ও নির্যাতিত। শ্রমিকেরা বাঁচতে না পারলে শহীদদের জীবনদান বৃথা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন বলেন, গণঅভ্যুত্থানে জনগণের সব অংশ ত্যাগ স্বীকার করলেও গত দুই বছরে এর সুফল মুষ্টিমেয় কিছু মানুষ আত্মসাৎ করেছে। এ অবস্থার পরিবর্তনে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম ও সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম এবং নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাস্টার আনিসুর রহমানসহ জেলা কমিটির নেতারা।

সমাবেশের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই কর্মী বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ মাসুদ পাটোয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01797361771 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি