প্রিন্ট করুন
Daily Barta Post
08-08-2026 10:24 PM

ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির ২ নেতা অব্যাহতি

Admin প্রকাশ : ৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির ২ নেতা অব্যাহতি
অব্যাহতি দেওয়া বিএনপির ২ নেতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির দুই স্থানীয় নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় হারুন অর রশিদ ও মো. ইউছুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।

অব্যাহতি পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে হারুন ও ইউছুফকে স্থায়ীভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর তারা দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে এর দায়ভার ব্যক্তিগতভাবে তাদের বহন করতে হবে। অব্যাহতি পত্রের অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপির কাছে পাঠানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হয়ে থাকলে এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

অন্যদিকে মো. ইউছুফও ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। প্রকৃত ঘটনা তদন্ত করে বের করার দাবি জানিয়ে তিনি মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দিচ্ছে—এমন কথা বলে হারুন ও ইউছুফ তাদের ওয়ার্ডের একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

তিনি বলেন, বিষয়টি জানার পর তিনি ও দলের সাংগঠনিক সম্পাদক সরেজমিনে গিয়ে তদন্ত করেন এবং অভিযোগের সত্যতা পান।

খোরশেদ আলম আরও বলেন, হারুন ও ইউছুফ দাবি করেছেন, ওই টাকা মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। তবে দলীয় তদন্তে তাদের দুজনের টাকা নেওয়ার বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কোনো পদে নেই জানিয়ে খোরশেদ আলম বলেন, তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে হারুন ও ইউছুফের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ মাসুদ পাটোয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01797361771 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি