প্রিন্ট করুন
Daily Barta Post
11-08-2026 11:03 PM

নগদের প্রধান কার্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

বার্তা পোস্ট ডেস্ক প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
নগদের প্রধান কার্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

‎দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তার কর্মীদের জন্য প্রথমা ডটকম-এর সঙ্গে দুইদিনব্যাপী বইমেলার আয়োজন করেছে।
‎সোমবার (১০ আগস্ট) রাজধানীর বনানীতে নগদ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে। মূলত নগদের কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতে ভিন্নধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎এদিন, অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’-এর এ আয়োজন শুরু হয়। এ সময় প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎নগদ-প্রথমা বইবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ বলেন, বর্তমানে মানুষের মধ্যে পড়ার প্রবণতা কমে গেছে। পড়ালেখা ও শিক্ষার মাধ্যমে একটি সমাজ এগিয়ে যায়। যে কারণে সময় বদলে গেলেও পড়া বা জানার কোনো বিকল্প নেই। কোনো জাতি ভালো করতে পারে একমাত্র পড়ার মাধ্যমেই। এ সময় তিনি উভয় প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও ভালো ও কার্যকর করার ওপর জোর দেন এবং কর্মীদের বই পড়তে উৎসাহিত করেন।
‎অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ছোটবেলা থেকে তিনি বই পড়ায় অভ্যস্ত। তবে বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তবের সঙ্গে সেই অর্জিত জ্ঞানের প্রয়োগ জরুরি বলে তিনি মনে করেন।
‎তিনি বলেন, এখন অনেকের মধ্যেই বই পড়ার অভ্যাস কমে গেছে। করপোরেট জীবনের বিভিন্ন ব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এই আয়োজন কর্মীদের একটু ভিন্ন অনুভূতি দেবে বলে তিনি বিশ্বাস করেন।
‎প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বই নগদ-প্রথমা বইবন্ধনে নগদ কর্মীদের জন্য ২০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে এই মেলায়। এ ছাড়া বিদেশি বইয়ের ওপর থাকবে ৫ শতাংশ মূল্যছাড়। আর নগদের বাংলা কিউআর কোড-এর মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৫ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়।
‎অনুষ্ঠানটি পরিচালনা করেন নগদের হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম। নগদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে দুইদিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়।
‎এর আগে, ২০২৪ সালের জানুয়ারি মাসে একই ধরনের আয়োজন করে নগদ ও প্রথমা ডটকম। সেবারও নগদের কর্মীদের মধ্য থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি