প্রিন্ট করুন
Daily Barta Post
15-08-2026 12:06 AM

জ্বালানি খাতে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা নিয়ে অপপ্রচারের অভিযোগ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
জ্বালানি খাতে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা নিয়ে অপপ্রচারের অভিযোগ মন্ত্রীর
ইকবাল হাসান মাহমুদ টুকু

জ্বালানি খাতের সংস্কারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর নীতিগত পরিকল্পনার আগেই একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্পষ্ট করে বলেছেন, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে যুক্ত করার প্রশ্নই আসে না; এখনো এ বিষয়ে নীতিমালাই চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক সংলাপে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ জানান, যেকোনো বড় সিদ্ধান্তের আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করার ঐতিহ্য তাদের রয়েছে।

সোলার এনার্জি পলিসির মতো জ্বালানি তেলের নীতিমালার ক্ষেত্রেও ব্যবসায়ী, গবেষক ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। কিন্তু নীতিমালা হওয়ার আগেই এমন অপপ্রচার সরকারের নতুন উদ্যোগ নেওয়ার স্পৃহাকে বাধাগ্রস্ত করে।

বেসরকারি খাতের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দেশের ‘বীরপুরুষ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ব্যাংক ঋণের সুদের বোঝা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা কারখানা চালিয়ে কর্মসংস্থান ধরে রেখেছেন। এককালে ব্যবসায়ী হওয়ার সুবাদে আমি তাদের কষ্ট গভীরভাবে অনুধাবন করি।

ব্যবসায়ীদের এ সংকটময় সময়ে গুজবে কান না দিয়ে সরকারকে নৈতিক সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী জানান, দীর্ঘ ১৭-১৮ বছর পর্যাপ্ত অনুসন্ধান না চালিয়ে কেবল আমদানির ওপর নির্ভর করায় বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোলা থেকে সিলিন্ডার বা কনটেইনারে করে গ্যাস এনে শিল্পকারখানায় সরবরাহের জন্য ইন্ট্রাকো কোম্পানিকে পুনরায় অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ২০২৯ সালের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরও তিনটি নতুন এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগকারীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জ্বালানি সংকট নিরসন এবং ব্যবসায়ীদের ওপর থেকে চাপ কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি।

সভায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংলাপে গবেষক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি