প্রিন্ট করুন
Daily Barta Post
16-08-2026 12:05 AM

বাবা-মাকে সেঞ্চুরি উৎসর্গ তানজিদের

ক্রীড়া ডেস্ক প্রকাশ : ১ দিন আগে
অনলাইন সংস্করণ
বাবা-মাকে সেঞ্চুরি উৎসর্গ তানজিদের
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাও ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে। তার ১০১ ও নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

প্রথম দিন ৩২ রানে অপরাজিত থাকা তানজিদ দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিংয়ে ১৯৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন। দিনের খেলা শেষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করেছেন বাঁহাতি এই ওপেনার।

সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়াটা আমার জন্য সত্যি অনেক ভালো লাগার একটি মুহূর্ত। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা উৎসর্গ করতে চাই।’

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তানজিদ বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে ওদের বিপক্ষে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল। আর আমি আসলে কখনো বোলার দেখে খেলি না, আমি সবসময় চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করার।’

সেঞ্চুরির পর মাঠে স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার অনুভূতিও জানিয়েছেন তিনি। তানজিদ বলেন, ‘স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা আসলে অনেক ভালো লাগার একটি জায়গা। খুব ভালো লাগছিল, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যা আজকে অনুভব করেছি।’

তৃতীয় দিনেও যতটা সম্ভব ব্যাটিং করে লিড বাড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তানজিদের ভাষায়, ‘আমাদের মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা বেশি ব্যাটিং করতে পারব ততক্ষণ আমাদের দলের জন্য ভালো। যেহেতু আমাদের হাতে এখনো তিন দিন সময় আছে, আমরা চাইব যত বেশি সেশন ব্যাটিং করা যায়। যত বেশি রান দেওয়া যাবে আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হবে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি