প্রিন্ট করুন
Daily Barta Post
15-08-2026 09:03 PM

শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং করানোর ঘোষণা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : ১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং করানোর ঘোষণা মোদীর
সংগৃহীত ছবি
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দেশজুড়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের টানা আন্দোলন ও অসন্তোষের পর শনিবার (১৫ আগস্ট) নয়াদিল্লির লালকেল্লা থেকে এই বার্তা দেন তিনি।
 
প্রধানমন্ত্রী জানান, দেশের সরকারি কলেজ ও সরকারি চাকুরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির খরচ মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বড় বোঝা। ভারতের উন্নত ডিজিটাল অবকাঠামো ও দক্ষ শিক্ষকদের কাজে লাগিয়ে অনলাইন ক্লাস চালু করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজ বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারেন।
 
শিক্ষাক্ষেত্রে একের পর এক প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভের মুখে সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। আন্দোলনের উত্তাপ কমাতে এবং তরুণ প্রজন্মকে আশ্বস্ত করতে পার্লামেন্টে কড়া আইন পাসের পর এবার ফ্রিতে কোচিং ও দক্ষতার সুবিধা নিয়ে এল মোদী সরকার।
 
কোচিং সুবিধার পাশাপাশি আগামী এক বছরে দেশের ১ কোটি (১০ মিলিয়ন) তরুণকে উদীয়মান প্রযুক্তি এআই-এর ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেন মোদী। ভবিষ্যতের কর্মসংস্থানে এআই মূল নিয়ামক হবে বলে তিনি মনে করেন।
 
এক ঘণ্টার বেশি সময়ের এই ভাষণে আগামী ২০ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশে রূপান্তরের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্য পূরণে সেমিকন্ডাক্টর শিল্প, উৎপাদন খাত এবং ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন পাঁচটি চুল্লি স্থাপনের মতো সাত দফা সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি