প্রিন্ট করুন
Daily Barta Post
15-08-2026 09:55 PM

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই : আসামি সাগর ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই : আসামি সাগর ৭ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে নেওয়ার পথে পিস্তল ঠেকিয়ে  ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার সাগর বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
শনিবার (১৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. নজরুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
 
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সাগর বাড়ৈ তার সহযোগীদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকতে পারেন। তার নাম-পরিচয় নিয়েও সন্দেহ থাকায় বিষয়টি যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে অসংলগ্ন তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
 
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার, ছিনতাই হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।শুনানি শেষে মেট্রোপিটন ম্যাজিস্ট্রট আরিফুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর বলেন, শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। একই ধরনের আরও নয়টি মামলা রয়েছে সাগরের বিরুদ্ধে।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানচালক মো. খোরশেদ। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের গাড়ির পথরোধ করে।
 
এসময় দুর্বৃত্তরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আব্দুল করিম বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি