প্রিন্ট করুন
Daily Barta Post
16-08-2026 11:25 PM

রাজধানীর বংশালে হেলমেট গোডাউনে আগুন

সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
রাজধানীর বংশালে হেলমেট গোডাউনে আগুন
ছবি: বার্তা পোস্ট

‎রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গোডাউনের সরু সিঁড়ি দিয়ে ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি রয়েছে পানির সংকট। ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
‎
‎রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
‎
‎ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। গোডাউনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে বেগ পেতে হচ্ছে। এছাড়া পানির সংকট রয়েছে। তারপরও পর্যাপ্ত পরিমাণ পানি ঘটনাস্থলে নেওয়া হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
‎
‎তিনি আরও বলেন, ভবনে কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না। ভেন্টিলেশন না থাকায় ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে।
‎
‎এর আগে আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬ টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
‎
‎প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি