প্রিন্ট করুন
Daily Barta Post
20-08-2026 08:56 AM

রাজবাড়ীতে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ : ১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা
সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে ইউরিয়া সার বিক্রির দায়ে খন্দকার ফারুক হোসেন (৫৮) নামে এক সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়ালন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়ালন্দ বাজারের বিসিআইসি সার ডিলার খন্দকার ফারুক হোসেন নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত এলাকার বাইরে ইউরিয়া সার বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার সারের গুদামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত সার ডিলার খন্দকার ফারুক হোসেন বলেন, আমার ঘরে ইউরিয়া সার বেশি থাকায় আমি সারগুলো অন্যত্র পাঠাচ্ছিলাম। অন্য উপজেলায় সার দেওয়া যাবে না, এটা আমার জানা ছিল না। এটা আমার ভুল হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। এরই ধারাবাহিকতায় খন্দকার ফারুক হোসেন অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে ধরা পড়েছেন। তাকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত এলাকার বাইরে বিক্রির দায়ে সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে তিনি আর এ ধরনের বে-আইনি কাজে যুক্ত হবেন না বলে মুচলেকা দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি