ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে। ক্যাম্পাসে সব ধরনের হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি সবকিছুকে শূন্যের কোঠায় নিয়ে এসেছি। ছাত্রদের মূল কাজ পড়াশোনা, গবেষণা, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভিপি আবু সাদিক কায়েম বলেন, সমাজে এমন কিছু নেতা আছে যারা শুধু বক্তৃতাই দেয়; কিন্তু বাস্তবে তাদের কোনো কাজ করতে দেখা যায় না। আবার কিছু নেতা আছে যারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণিত করে। ডাকসুতে দায়িত্ব নেওয়ার ১১ মাসে আমরা যে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে তা কেউ করতে পারেনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শহরের সব কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের উপহার হিসেবে ক্রেস্ট, ব্যাগ ও কলম প্রদান করা হয়।