প্রিন্ট করুন
Daily Barta Post
22-08-2026 09:55 PM

‘এখনো তো শেষ হয়নি’, ম্যাচে ফেরার আশা শরিফুলের

ক্রীড়া ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
‘এখনো তো শেষ হয়নি’, ম্যাচে ফেরার আশা শরিফুলের
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ব্যাট হাতে একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদেরও বড় লিড নিতে দেয়নি বোলাররা। বিশেষ করে শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাঁহাতি এই পেসার জানালেন, ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে স্বাগতিকরা। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

তবে ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ৮ উইকেটের ছয়টিই নিয়েছেন শরিফুল। ফলে প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে যেতে দেননি তিনি। দিন শেষে বাংলাদেশের সুযোগ নিয়ে শরিফুল বলেন, ‘এখনো তো শেষ হয়নি, প্রথম দিন গেছে। আমরা এখনো ম্যাচের ভেতরেই আছি। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব দ্বিতীয় ইনিংসে নিজেদের নিয়ন্ত্রণে নিতে।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ৬৪ রানের মধ্যে সর্বোচ্চ ১৪ রানও এসেছে শরিফুলের ব্যাট থেকে। এরপর বল হাতে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পান তিনি। দিনের শেষ পর্যন্ত তার শিকার দাঁড়ায় ছয় উইকেটে।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে শরিফুল খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে ফিরে এমন পারফরম্যান্সে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘অনেক খুশি। প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি দারুণ।’

অস্ট্রেলিয়ার ইনিংসে ছয় উইকেট নেওয়া মিচেল স্টার্কের সঙ্গেও যেন অদৃশ্য এক লড়াইয়ে নেমেছিলেন শরিফুল। বাংলাদেশের ইনিংসে স্টার্ক নিয়েছেন ছয় উইকেট, অস্ট্রেলিয়ার ইনিংসে শরিফুলের শিকারও ছয়। এই মিলটিও বাড়তি আনন্দ দিচ্ছে তাকে। শরিফুল বলেন, ‘সে ছয়টা পেয়েছে, আমিও ছয়টা। এটা আরও ভালো লাগছে।’

ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাকাইয়ে প্রথম দিন শেষে অবশ্য ম্যাচের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই কিছুটা ভারী। তবে শরিফুলের ছয় উইকেটে লড়াইটা এখনো খোলা রেখেছে বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি