প্রিন্ট করুন
Daily Barta Post
23-08-2026 10:29 PM

দুর্ঘটনা থেকে আইসিইউ, কেমন আছেন অভিনেত্রী মেঘলা মুক্তা

বিনোদন ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
দুর্ঘটনা থেকে আইসিইউ, কেমন আছেন অভিনেত্রী মেঘলা মুক্তা
সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। অস্ত্রোপচারের পর ছিলেন আইসিইউতে। দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি। তবে দুর্ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি।

রোববার এক পোস্টে মেঘলা মুক্তা লেখেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তিনি বুঝতে পারছেন, এই সময়টা অনেকটাই একা কাটছে। তার ভাষায়, ‘কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং—কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।’

দুর্ঘটনায় মেঘলার মুখেও গুরুতর আঘাত লাগে। অস্ত্রোপচারের পর মুখে সেলাই ও দাগ রয়েছে, যা পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে মুখের সেলাই ও দাগ নিয়ে সামাজিক মাধ্যমে না লেখার পরামর্শও পেয়েছেন অভিনেত্রী। তবে মানুষের কথায় নিজের বাস্তবতা আড়াল করতে চান না মেঘলা।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘অনেকে বলেছে, মুখের সেলাই, দাগ এসব কিছু লিখতে নেই। কিন্তু আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই। তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম—আমি লড়ছি। আমি ফিরব।’

এর আগে ২৭ জুলাই ভাঙা মুঠোফোনের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন মেঘলা। সেখানে তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনায় তার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন। জরুরি প্রয়োজনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পরিবর্তে সরাসরি ফোন করার অনুরোধ করেছিলেন তিনি।

ওই পোস্টের দুই দিনের মাথায় মেঘলা মুক্তার সড়ক দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এখন বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে বলে তার কথায় স্পষ্ট।

মেঘলা মুক্তার শোবিজে পথচলা শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। র‍্যাম্পে কাজ করার পাশাপাশি বিলবোর্ড ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে। পরে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা। বাংলাদেশে তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’। দীর্ঘ চিকিৎসার পর ঘরে ফিরলেও এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরা।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি