২০০৩ সালে মুক্তি পাওয়া ডোনাল্ড পেট্রির রোম্যান্টিক কমেডি ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সময়ের সঙ্গে সিনেমাটি হলিউডের অন্যতম পছন্দের রোম্যান্টিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়। বিশেষ করে ম্যাথিউ ম্যাককনাহে ও কেট হাডসনের অনস্ক্রিন রসায়ন দর্শকদের বেশ মুগ্ধ করেছিল।
দীর্ঘ ২৩ বছর পর সেই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় ইতোমধ্যে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। নতুন সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকছেন কেট হাডসন।
তবে সিক্যুয়েলে ম্যাথিউ ম্যাককনাহে ও কেট হাডসনকে আবারও একসঙ্গে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। নির্মাতারা অবশ্য পুরোনো জুটিকে ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহী। বর্তমানে নতুন গল্পের জন্য চিত্রনাট্যকার খোঁজা হচ্ছে। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পরই অভিনয়শিল্পীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হলিউডে বর্তমানে পুরোনো জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল তৈরির প্রবণতা বেশ জোরালো। সম্প্রতি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল সাফল্য পেয়েছে। পাশাপাশি ‘স্ক্যারি মুভি’ ও ‘টয় স্টোরি ৫’-এর মতো সিনেমার সাফল্যও পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন করে ফিরিয়ে আনার আগ্রহ বাড়িয়েছে।
এই ধারাবাহিকতায় এবার বহু প্রতীক্ষিত ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’-এর দ্বিতীয় কিস্তিও দর্শকদের সামনে আসার পথে।