প্রিন্ট করুন
Daily Barta Post
25-09-2026 01:40 PM

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বার্তা পোস্ট ডেস্ক প্রকাশ : ৪ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ছবি: বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪-০৮-২০২৬) বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ 'বানৌজা কপোতাক্ষ' মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকট হতে ভাসমান অবস্থায় মৎস্য বোট 'এফবি আল আমিন' এবং এর ১৬ জন জেলেকে উদ্ধার করে।
‎
‎গত রবিবার (২৩-০৮-২০২৬) রাতে টহলকালে নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায়।
‎এ প্রেক্ষিতে নৌবাহিনীর জাহাজটি রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই মৎস্য বোটটিকে মোংলা ফেয়ারওয়ের সন্নিকটে শনাক্ত করে।
‎তাৎক্ষণিক নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৬ জন জেলেসহ  ইঞ্জিন বিকল হয়ে ভাসমান মৎস্য বোট ‘এফবি আল আমিন’কে উদ্ধার করে।
‎ এ সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
‎উদ্ধারকৃত জেলেদের সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে বাগেরহাটের শরনখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মৎস্য আহরণের উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’-যোগে সমুদ্রে গমন করে।
‎সমুদ্রে গমনের ২ দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং গত ০৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে, সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজ মৎস্য বোটটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে এবং বোটসহ জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে।
‎
‎উল্লেখ্য, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি