প্রিন্ট করুন
Daily Barta Post
27-09-2026 03:48 PM

চার বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক প্রকাশ : ১ মাস আগে
অনলাইন সংস্করণ
চার বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস
সংগৃহীত ছবি

দেশের চার বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামীকার বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এসব বিভাগের উজান এলাকাতেও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে সংশ্লিষ্ট নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নে কমতে শুরু করেছে। সোমবার দুপুরের পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত হাওড়া নদীর পানি বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আখাউড়া স্থলবন্দরসংলগ্ন কালন্দি খালের পানিও কমেছে। এর আগে পানি কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের চত্বরে ঢুকলেও পরে তা সরে গেছে। নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘরের উঠান থেকেও পানি নেমে গেছে।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি