প্রিন্ট করুন
Daily Barta Post
25-09-2026 04:35 PM

সাইবার আইন শিগগির সংশোধন হচ্ছে : প্রতিমন্ত্রী নুর

বরিশাল প্রতিনিধি প্রকাশ : ৩ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
সাইবার আইন শিগগির সংশোধন হচ্ছে : প্রতিমন্ত্রী নুর
সংগৃহীত ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শিগগির সংশোধন করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ক্যাম্পাস পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকার মাদক মামলা সংশোধন করে আইন পাস করেছে। অনলাইন ও অফলাইন জুয়া বন্ধের জন্য সরকার আইন সংশোধন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সরকার সাইবার আইন খুব শিগগির সংশোধন করবে। এর মধ্যে মানবাধিকার ও গুম আইন সংসদে পাস হয়েছে। সরকার চেষ্টা করছে জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের।
তিনি বলেন, বর্তমান সরকার পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়। বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমবাজারে কর্মের জায়গা তৈরি হয় ৮-১০ লাখ লোকের। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গতানুগতিক সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে এখন শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সে ক্ষেত্রে চাকরির বাজারে যেটার চাহিদা আছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে মূল্যায়ন চলছে। সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে।
এ সময় তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসের ডিগ্রি হোস্টেল পরিদর্শন করেন। পাশাপাশি সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলার কথা জানান। পরে তিনি নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।
ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ব্রজমোহন কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাঈনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলামসহ ছাত্র অধিকারের অন্যান্য নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি