প্রিন্ট করুন
Daily Barta Post
10-11-2026 07:42 PM

প্রেমের সুযোগ নিয়ে তরুণীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ : ২ মাস আগে
অনলাইন সংস্করণ
প্রেমের সুযোগ নিয়ে তরুণীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি
সংগৃহীত ছবি

ভালোবাসার সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে রাফিদ শিকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার রাফিদ রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার মুজিবুল্লাহ সিকদারের ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানায় করা পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি।

মঙ্গলবার র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, কেরানীগঞ্জে বসবাসরত ভুক্তভোগী তরুণীর (১৮) সঙ্গে রাফিদের পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে বিভিন্ন সময় তাদের মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতো। একপর‌্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে রাফিদ কৌশলে ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

পরবর্তীতে এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে তরুণীর ওপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। একপর‌্যায়ে টাকা দাবি করে রাফিদ হুমকি দেন, টাকা না দিলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। ভুক্তভোগী এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও তার দাবি অব্যাহত থাকে।

র‌্যাব আরও জানায়, বিষয়টি ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের জানান। পরে গত ১১ এপ্রিল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ পুনরায় তাকে ভয়ভীতি ও হুমকি দেন এবং আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব-১০-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাফিদ শিকদারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি