প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 01:35 PM

ইটভাটার ঘরে মিলল সার, দুই ব্যবসায়ীকে জরিমানা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ : ৩ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
ইটভাটার ঘরে মিলল সার, দুই ব্যবসায়ীকে জরিমানা
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়।
 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ইউএনও, ওসি ও এসিল্যান্ডের সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়। এ সময় অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 
 
অপরদিকে, কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার, থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দ করা সার পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। 
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি