প্রিন্ট করুন
Daily Barta Post
11-11-2026 06:59 AM

ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন ফ্রান্সের মানুষ

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ মাস আগে
অনলাইন সংস্করণ
ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন ফ্রান্সের মানুষ
সংগৃহীত ছবি

ফরাসি ভ্রমণ লেখক সিলভাঁ তেসোঁ একবার বলেছিলেন, ‘ফ্রান্স এমন এক স্বর্গ, যেখানে বসবাসকারী মানুষ মনে করে তারা নরকে বাস করছে।’ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচার এখন জমে উঠেছে। একের পর এক সম্ভাব্য প্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করছেন। এর মধ্যেই দেশটির মানুষের মধ্যে এক ধরনের গভীর বিষণ্নতা ও অসন্তোষ দেখা দিয়েছে। এখনই যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে অভিবাসনবিরোধী জনতুষ্টিবাদী নেত্রী মেরিন লে পেনের এলিজে প্রাসাদে পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। দেশের রাজনীতিকদের প্রতি ভোটারদের হতাশা এখন তীব্র। অনেকের মনে তৈরি হয়েছে এমন একটি অনুভূতি, ‘অন্য সবকিছু তো চেষ্টা করে দেখেছি।’

তবে এখন থেকে ২০২৭ সালের ১৮ এপ্রিল পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে। ওইদিন প্রথম দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। ফ্রান্স এমন একটি দেশ, যেখানে হঠাৎ করেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে যেতে পারে। ২০১১ সালের বসন্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তৎকালীন প্রধান এবং সাবেক অর্থমন্ত্রী দোমিনিক স্ত্রস-কান ফ্রান্সের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী ছিলেন। ধারণা করা হচ্ছিল, তিনি সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হবেন। ২০১২ সালের নির্বাচনে তিনি ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পরাজিত করবেন বলেও মনে করা হচ্ছিল।

কিন্তু যৌন হয়রানির একটি কেলেঙ্কারিতে স্ত্রস-কানের রাজনৈতিক ভবিষ্যৎ ধাক্কা খায়। শেষ পর্যন্ত অপেক্ষাকৃত কম আলোচিত সোশ্যালিস্ট নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ এলিজে প্রাসাদে পৌঁছে যান। ২০১৬ সালে সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়োঁ প্রেসিডেন্ট ওলাঁদের উত্তরসূরি হওয়ার দৌড়ে অনেক এগিয়ে ছিলেন। এরপর প্রকাশ পায়, তিনি তার স্ত্রীর জন্য করদাতাদের অর্থে ভুয়া সংসদীয় চাকরির ব্যবস্থা করেছিলেন। ফিয়োঁ শেষ পর্যন্ত তৃতীয় অবস্থানে নেমে যান। এরপর কোনো দলীয় সাংগঠনিক শক্তি ছাড়াই রাজনীতিতে উঠে আসা তরুণ মধ্যপন্থি নেতা ইমানুয়েল মাখোঁ নির্বাচনে জয়ী হন।

 
 
 
 

আগামী বছরের নির্বাচন ঘিরে পটভূমি বুঝতে হলে কিছু বিষয় বিশেষভাবে দেখা দরকার। এই নির্বাচনের গুরুত্ব শুধু ফ্রান্সের জন্য নয়। ইউরোপ এবং পশ্চিমা জোটের জন্যও এর গুরুত্ব অনেক। তাই ফ্রান্সের এই গভীর হতাশার সঙ্গে অন্যান্য উন্নত গণতান্ত্রিক দেশের সংকটের পার্থক্যগুলো বোঝা জরুরি। অনেক দেশেই রাজনীতি এখন আরও উত্তপ্ত ও বিভক্ত হয়ে উঠেছে। ইউরোপের অন্যান্য বড় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। ইউরোপজুড়ে মূলধারার রাজনৈতিক দলগুলোর জনসমর্থন কমছে। এসব দল নানা ভাগে বিভক্তও হচ্ছে। তাদের ওপর একদিকে ডানপন্থি জাতীয়তাবাদী জনতুষ্টিবাদীদের চাপ বাড়ছে। অন্যদিকে নতুন ধরনের কট্টর বামপন্থি শক্তির উত্থান ঘটছে। এসব শক্তির অনেকেই পরিবেশবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মাদনা এবং ২৪ ঘণ্টার সংবাদচক্র সর্বত্র রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

 
 
 

তবে কয়েকটি ঐতিহাসিক কারণ ফ্রান্সের এ সংকটকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। ফরাসি সমাজ নিয়ে খ্যাতনামা সমাজবিজ্ঞানী ও বহু গবেষণাগ্রন্থের লেখক মিশেল ভিয়েভিয়োরকার সঙ্গে সাম্প্রতিক এক আলোচনায় আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। তার উল্লেখযোগ্য বইগুলোর একটি হলো, ‘ফ্রান্স কোন পথে যাচ্ছে? রূপান্তর নাকি পতন?’

 

ফ্রান্স ছিল ইউরোপের প্রথম কেন্দ্রীভূত রাষ্ট্র। দেশটির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের সক্রিয় ও নিয়ন্ত্রক ভূমিকার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের শিকড় ১৭ শতকের কার্ডিনাল রিশল্যু, রাজা চতুর্দশ লুই এবং তার মন্ত্রী জ্যঁ বাতিস্ত কোলবেয়ারের সময় পর্যন্ত বিস্তৃত। চার্ল দ্য গল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সরকারগুলো এই ঐতিহ্যকে নতুনভাবে শক্তিশালী করে। শিল্পের আধুনিকায়ন এগিয়ে নিতে তারা শক্তিশালী জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা ব্যবস্থা গড়ে তোলে। এর মাধ্যমে পারমাণবিক কর্মসূচি, মহাকাশ ও বিমানশিল্প এবং বৃহৎ সরকারি অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করা হয়। এই ইতিহাসের কারণে ফরাসি জনগণের রাষ্ট্রের কাছে প্রত্যাশা অনেক বেশি। তারা অর্থনীতির আকারের তুলনায় বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম উচ্চ করের হার মেনে নেয়। আয় পুনর্বণ্টন এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রেও ফ্রান্সের অবস্থান একই রকম।

এই ঐতিহ্যই আরও একটি বিষয় বুঝতে সাহায্য করে। ফ্রান্সের ঋণ ও মোট দেশজ উৎপাদনের অনুপাত এখন ১১৮ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে এই অনুপাত অন্যতম বেশি। একই সঙ্গে এই ঋণ দ্রুত বাড়ছেও।

‘ফরাসিরা সরকারি সেবার সঙ্গে গভীরভাবে যুক্ত। এসব সেবার মান কমে যাওয়া নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। সরকারি শিক্ষাব্যবস্থায় এ অবনতি সবচেয়ে স্পষ্ট। একই সমস্যা বিচারব্যবস্থা, পুলিশ, করব্যবস্থা এবং স্বাস্থ্যসেবায়ও দেখা যাচ্ছে। করোনা মহামারি এ দুর্বলতাগুলো আরও স্পষ্ট করে দিয়েছে।’ সমাজবিজ্ঞানী মিশেল ভিয়েভিয়োরকা বলেন, ‘তাদের মনে হচ্ছে, একসময় আমরা এমন একটি মহান দেশ ছিলাম, যা আধুনিকতার অগ্রভাগে ছিল। এখন সেই দেশটি ধীরে ধীরে ভেঙে পড়ছে।’ ফ্রান্সের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো বহু শতাব্দীর বিক্ষোভের ঐতিহ্য। এসব বিক্ষোভ অনেক সময় সহিংস রূপ নিয়েছে। ১৬ ও ১৭ শতকের কৃষক বিদ্রোহ এবং প্যারিসের ব্যারিকেড থেকে শুরু করে ১৭৮৯ সালের ঐতিহাসিক ফরাসি বিপ্লব পর্যন্ত কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহকে সমাজের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বৈধ বলে মনে করেছে। জ্যঁ-পল সার্ত্রের ভাষায়, ‘বিদ্রোহ করা ন্যায়সংগত।’

ফ্রান্সের শ্রমিক আন্দোলনেরও নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে। শুরুতে এই আন্দোলনের শিকড় ছিল নৈরাজ্যবাদী শ্রমিক সংগঠনভিত্তিক মতাদর্শে। পরে কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে প্রধান প্রভাব বিস্তার করে। ব্রিটিশ ও জার্মান ট্রেড ইউনিয়নগুলোর মতো সমঝোতাভিত্তিক সংস্কারমূলক ঐতিহ্য ফরাসি শ্রমিক আন্দোলনে তেমন গড়ে ওঠেনি। ১৭ শতকে ইংরেজরা যেমন তাদের রাজাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, ফরাসিরাও ১৮ শতকে তাদের রাজাকে মৃত্যুদণ্ড দেয়। তবে রাজতন্ত্র পুরোপুরি বিলুপ্ত হতে আরও প্রায় এক শতাব্দী লেগেছিল। এই সময়ে দুবার রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দুবার সম্রাটের শাসনও ফিরে আসে।

ফ্রান্সের বামপন্থিরা দীর্ঘদিন প্রজাতান্ত্রিক ব্যবস্থার পক্ষে লড়াই করেছে। ১৯ শতকের শেষ দিকে ড্রেফুস-কাণ্ডে তারা শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী শক্তিকে পরাজিত করে। এসব কর্তৃত্ববাদী শক্তির পেছনে ক্যাথলিক চার্চের সমর্থন ছিল। এই সংগ্রামের পর রাষ্ট্র ও চার্চের মধ্যে কঠোর পৃথকীকরণ প্রতিষ্ঠিত হয়। ধর্মনিরপেক্ষতার নীতিও শক্তিশালী ভিত্তি পায়। বর্তমানে এই নীতি ফরাসি সমাজে ব্যাপক সমর্থন পায়। তবে ভিয়েভিয়োরকা উল্লেখ করেছেন, ফ্রান্সের খ্রিষ্টীয় পরিচয় এবং ধর্মীয় অনুশীলনের অবক্ষয়ের সঙ্গে একই সময়ে ইসলামের প্রভাবও বেড়েছে। বিশেষ করে অভিবাসী বংশোদ্ভূত মানুষের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়। এ নিয়ে সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। মূলধারার রক্ষণশীল এবং কট্টর ডানপন্থি রাজনীতিকরা এই উদ্বেগকে আরও উসকে দিয়েছেন। একই ভূমিকা পালন করছে ধনকুবের ভিনসাঁ বোলোরের মালিকানাধীন নতুন ডানপন্থি গণমাধ্যম সাম্রাজ্য।

এ আশঙ্কাগুলোই ১৯৭২ সালে জ্যঁ-মারি লে পেনের প্রতিষ্ঠিত কট্টর ডানপন্থি দল ফ্রঁ নাসিওনালের উত্থানের ব্যাখ্যা দেয়। মিশেল ভিয়েভিয়োরকা দলটিকে ‘ইউরোপের জাতীয় জনতুষ্টিবাদী রাজনীতির পথিকৃৎ’ বলে অভিহিত করেছেন। দলটি অভিবাসনবিরোধী অবস্থানকে নিজেদের রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে রাখে। গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালে তাঁ মেয়ে মেরিন লে পেন দলটির নতুন নাম দেন নাসিওনাল র‍্যালি বা আরএন। দলটির শিকড় ভিশি শাসনামলে। সেই শাসন নাৎসি জার্মানির সঙ্গে সহযোগিতা করেছিল। তবে পরবর্তী সময়ে দলটি ইহুদিবিদ্বেষের পরিবর্তে ইসলামবিরোধী অবস্থান গ্রহণ করে। তারা ফরাসি নাগরিকদের জন্য সামাজিক কল্যাণ, আবাসন ও স্বাস্থ্যসেবায় ‘জাতীয় অগ্রাধিকার’ দেওয়ার দাবি জানায়। ফ্রান্সের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক অভিজাত শ্রেণি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যোগ্যতাভিত্তিক কাঠামোর ওপর এই অভিজাত শ্রেণিকে নতুন করে গড়ে তোলা হয়। শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠা করা হয় লেকোল নাসিওনাল দাদমিনিস্ত্রাসিওন বা ইএনএ। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পরে রাজনীতিতে ক্যারিয়ার গড়েন।

সময়ের সঙ্গে এ ব্যবস্থা কঠোর ও অনমনীয় হয়ে পড়েছে। এর ফলে এমন একটি অভিজাত শ্রেণির জন্ম হয়েছে, যারা নিজেদের ক্ষমতা ও অবস্থান পরবর্তী প্রজন্মের কাছেও ধরে রাখে। ফ্রান্সে এদের বলা হয় এনার্ক। সাধারণ ফরাসি মানুষের উদ্বেগ ও দৈনন্দিন জীবনের সমস্যা থেকে এই শ্রেণি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। এই সব কারণ মিলেই নির্বাচনি প্রচারণা শুরুর প্রাক্কালে ফরাসি জনমতের বর্তমান চিত্রটি তৈরি হয়েছে। দেশের পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে গভীর হতাশা রয়েছে। নিজেদের জাতীয় পরিচয় নিয়ে উদ্বেগ আছে। সরকারি সেবার মান কমে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ছে। রাজনৈতিক অভিজাত শ্রেণির প্রতিও মানুষের আস্থা কমে গেছে। তাদের ধারণা, এসব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সংকটের পেছনের কারণগুলো ব্যাখ্যা করতে মিশেল ভিয়েভিয়োরকা যে কাঠামো দিয়েছেন, তার সঙ্গে আমি আরও একটি বিষয় যোগ করব। সেটি হলো অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে ব্যাপক অজ্ঞতা। এর সঙ্গে রয়েছে ফরাসিদের বহুল ব্যবহৃত ‘সরকারি অর্থ’ ধারণা। যুক্তরাজ্য বা জার্মানিতে যাকে বলা হয় ‘করদাতাদের অর্থ’, ফ্রান্সে সেটিকেই অনেক সময় এমনভাবে দেখা হয়, যেন এই অর্থের কোনো সীমা নেই।

অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে এই দুর্বল ধারণার কারণে ফ্রান্সে জাদুর মতো অর্থনৈতিক সমাধানের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে। এর একটি উদাহরণ নাসিওনাল র‍্যালির অবাস্তব ধারণা। দলটি মনে করে, সরকার অভিবাসীদের কল্যাণমূলক সুবিধা বন্ধ করে দিলেই এবং ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের অবদান কমিয়ে দিলেই দেশের ঋণ ও বাজেট ঘাটতি দ্রুত মিলিয়ে যাবে। কট্টর বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর দাবিও একই ধরনের। তার দাবি, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা ফ্রান্সের ঋণের ১৮ শতাংশ কোনো খরচ ছাড়াই বাতিল করে দিলেই সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে ১২ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের সব উত্তরাধিকার বাজেয়াপ্ত করার কথাও তিনি বলেছেন।

এমন পরিস্থিতিতে অবসর গ্রহণের বয়স বাড়ানো বা কিছু কল্যাণমূলক সুবিধা কমানোর মতো বাস্তবসম্মত অথচ কঠিন প্রস্তাব দেওয়া রাজনীতিকদের প্রতি মানুষের আগ্রহ কম থাকাই স্বাভাবিক। ১৯৬৮ সালের মে মাসে ফ্রান্সের ছাত্র আন্দোলনের একটি বিখ্যাত স্লোগান ছিল, ‘বাস্তববাদী হও, অসম্ভব দাবি করো।’ এখন বড় আশঙ্কা হলো, ফরাসিরা মাথা দিয়ে চিন্তা না করে আবেগের তাড়নায় ভোট দিতে পারেন। ফ্রান্স ও ইউরোপ যখন একই সঙ্গে এত বড় ভূরাজনৈতিক ও আর্থিক ঝুঁকির মুখে, তখন এই সম্ভাবনা গভীর উদ্বেগের কারণ।

লেখক: ইউরোপিয়ান পলিসি সেন্টারের সিনিয়র ভিজিটিং ফেলো। গার্ডিয়ানে প্রকাশিত নিবন্ধটি ভাষান্তর করেছেন তহমিনা মিলি

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি