প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 04:20 PM

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক প্রকাশ : ২ সপ্তাহ আগে
অনলাইন সংস্করণ
দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দুদক চেয়ারম্যান আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
দুর্নীতিবাজ ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক অবস্থান যত প্রভাবশালীই হোক না কেন, কোনো প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
 
প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের চলমান কার্যক্রম, প্রতিরোধমূলক নানা উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান নানা প্রশাসনিক ও আইনি চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।      
 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘকালের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার মারাত্মক অভাবের কারণে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের সার্বিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার ওপরই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভরশীল উল্লেখ করে তিনি সংস্থাসমূহকে সততা ও সাহসের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
 
একই সঙ্গে বছরের পর বছর ধরে বিচারাধীন থাকা দুর্নীতিসংক্রান্ত মামলাগুলো দ্রুত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার তাগিদ দেন রাষ্ট্রপতি। গুরুতর ও বৃহৎ দুর্নীতির ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না করে দ্রুত অনুসন্ধান চালুর নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 
 
সাংবিধানিক দায়িত্ব পালনে দুদককে সরকারের সার্বিক সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি