প্রিন্ট করুন
Daily Barta Post
26-09-2026 09:26 PM

সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির

অনলাইন ডেস্ক প্রকাশ : ৫৯ মিনিট আগে
অনলাইন সংস্করণ
সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির
সংগৃহীত ছবি

সারাদেশে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়ালেও মালিকপক্ষ ঢাকা মহানগরীতে চলাচলকারী কোনো বাসে ভাড়ার তালিকা টানায়নি। অথচ নগর পরিবহন ও দূরপাল্লার সব ধরনের বাসে দূরত্ব ও দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক। ভাড়ার তালিকা না থাকার সুযোগে বাসের কন্ডাক্টররা ইচ্ছামতো ভাড়ায় আদায় করছে। এ নিয়ে পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে। 

জাতীয় কমিটি অভিযোগ করেছে, গত চার-পাঁচ দিন যাবৎ রাজধানী ঢাকার নগর পরিবহন এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে চলাচলাকারী বাস সার্ভিসগুলোতে এমন অরাজকতা চললেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীরব রয়েছে।

বিবৃতিদাতারা গণপরিবহনের এই ভাড়াসন্ত্রাস ও অরাজকতা ঠেকাতে অবিলম্বে ঢাকাসহ সারা দেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি