প্রিন্ট করুন
Daily Barta Post
10-11-2026 08:16 PM

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ
সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। একই পরিবারের দুই ভাইয়ের সার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং ডিলার নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিজস্ব জমি ও গুদাম না থাকার অভিযোগে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিত আবেদনকারীরা। 

তাদের অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ না করেই মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

গত ৩ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট পিটিশন নম্বর ১৫১৯৭/২০২৬-এর শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। রুলে ২০২৬ সালের ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের জারি করা স্মারক নম্বর ১২.০০.০০০০.০৩১.০০০০.০০৬.২৬-১৭৭-এর অধীনে উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

হাইকোর্টে রিট আবেদনটি করেন উত্তর হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন। তিনি মেসার্স কাসেম পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। তার অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ করে আবেদন করলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

সাজ্জাদ হোসেনের দাবি, নেজাম উদ্দিনের ভাই নাছির উদ্দিনের নামে উত্তর হারবাং ইউনিয়নে আগে থেকেই বিসিআইসি সারের সাব-ডিলারশিপ রয়েছে। একই পরিবারের একজনের নামে সার ডিলারশিপ থাকলে অন্য সদস্যের আবেদনের সুযোগ না থাকার বিধান নীতিমালায় রয়েছে বলেও দাবি তার।

সাজ্জাদ হোসেন বলেন, তার প্রতিষ্ঠানের নামে নিজস্ব খতিয়ানভুক্ত জমিতে একাধিক বড় গুদাম রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও তাকে নিয়োগ না দিয়ে নিজস্ব জমি ও গুদাম না থাকার অভিযোগ থাকা প্রতিষ্ঠানকে ডিলার করা হয়েছে। অন্য ব্যক্তির সঙ্গে চুক্তির মাধ্যমে গুদাম দেখিয়ে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। 

তিনি বলেন, নীতিমালা অনুসরণ করে আবেদন করার পরও আমাকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। আমার নিজস্ব জমি ও একাধিক গুদাম রয়েছে। অথচ যার নিজস্ব জমি-গুদাম নেই বলে অভিযোগ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য আবেদনকারীকে নিয়োগ দেওয়া হোক।

এদিকে একই নিয়োগপ্রক্রিয়া নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তর হারবাংয়ের বাসিন্দা জামাল হোসেন ও জিয়াবুল হক। গত ৪ নভেম্বর দেওয়া পৃথক অভিযোগে তারা দাবি করেন, নেজাম উদ্দিন ও তার ভাই নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়নের করমমুহুরী পাড়া ও গয়ালমারা স্টেশন এলাকায় পৃথক দুটি দোকানের মাধ্যমে সার ব্যবসা পরিচালনা করে আসছেন। 

তাদের অভিযোগ, প্রায় ১৭ বছর ধরে দুই ভাই সার ব্যবসার সঙ্গে যুক্ত। নাছির উদ্দিনের নামে বিসিআইসি সারের সাব-ডিলারশিপ থাকা সত্ত্বেও তার ভাইকে নতুন করে মূল ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জামাল হোসেন ও জিয়াবুল হক বলেন, একই পরিবারের একজনের নামে সার ডিলারশিপ থাকা অবস্থায় অন্য ভাইকে নতুন করে নিয়োগ দেওয়া নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি নিজস্ব খতিয়ানভুক্ত জমি ও গুদাম থাকার বিষয়টি যাচাই না করেই নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। তিনি নিয়োগপ্রক্রিয়া পুনঃতদন্ত করে নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনকারীকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।

এর আগে গত ২৬ অক্টোবর সাজ্জাদ হোসেন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের নিয়োগ প্রজ্ঞাপন স্থগিত এবং নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনকারীকে নিয়োগ দেওয়ার দাবি জানান। পরে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করেন তিনি। রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি ও আইনজীবীর সনদ সংযুক্ত করে গত ৮ নভেম্বর জেলা প্রশাসকের কাছে পুনরায় আবেদন করেন সাজ্জাদ হোসেন। এতে আদালতের স্থগিতাদেশ কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আবেদনের অনুলিপি চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতিকেও দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিন। তিনি বলেন, আমার ভাই নাছির উদ্দিনের নামে যে ডিলারশিপ রয়েছে, সেটি খুচরা ডিলারশিপ। দুই ভাইয়ের ডিলারশিপসংক্রান্ত নিয়োগের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌস বলেন, সার ডিলার নিয়োগের যাচাই-বাছাইয়ের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখেছেন। হাইকোর্টের রিট পিটিশন সম্পর্কে তিনি অবগত নন। নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, একই পরিবারের দুজনের সার ডিলার হওয়ার কথা নয়। তদন্তে হয়ত তা উঠে আসেনি। এই নিয়োগ দেয় ডিসি অফিস, ইউএনও অফিস দেয় না। আমার কাছে গতকাল হাইকোর্টের একটি রিট পিটিশন এসেছে। আমার অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি