প্রিন্ট করুন
Daily Barta Post
13-11-2026 01:08 PM

হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

বার্তাপোস্ট ডেস্ক প্রকাশ : ২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের আয়োজন করা হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ও মঞ্চে থাকছে তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নাটকসহ নানা রকম অনুষ্ঠান। প্রতিবছর গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনে ঘরোয়াভাবে বেশ কিছু আয়োজন করা হয়। কালজয়ী এই কথাসাহিত্যিকের স্ত্রী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন আরও জানিয়েছেন, প্রতিবছর এই দিনে পরিবারের সদস্যদের পাশাপাশি কাছের মানুষদের সঙ্গে পুষ্পস্তবক নিয়ে নুহাশ পল্লীতে যান। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে হুমায়ূনপুত্র নিনিত অসুস্থ থাকায় এবার বর্ণাঢ্য কিছু করার পরিকল্পনা নেই; যা কিছু পরিকল্পনা করেছেন, তা সীমিত পরিসরে করা হবে। 

এদিকে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকীতে এবারও বর্ণাঢ্য আয়োজন করছে চ্যানেল আই। মূলত এক দিন আগে থেকে হুমায়ূন আহমেদ স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার শুরু করেছে বেসরকারি এই চ্যানেলটি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার করেছে জনপ্রিয় সিনেমা ‘নয় নম্বর বিপদসংকেত’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হাস্যরসাত্মক এই সিনেমার পুরো দৃশ্যধারণ করা হয়েছে নুহাশ পল্লীতে। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শবনম পারভীনসহ অনেকে।

আজ জন্মদিনের সকালে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’তে হুমায়ূন আহমেদকে স্মরণ করে সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী প্রান্তি, অর্থি ও ইমরান খন্দকার। এর পাশাপাশি দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’। এবারের পর্বটি সাজানো হয়েছে হুমায়ূন আহমেদ নির্মিত সিনেমার গানগুলো দিয়ে। এ ছাড়াও চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বইমেলার। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন যৌথভাবে এ আয়োজন করেছে। আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা। সেখানে ৩০ শতাংশ কমিশনে লেখকের বইগুলো কিনতে পারবেন পাঠক।
পাশাপাশি চ্যানেল আই অনলাইনের বিশেষ আয়োজন ‘আমার হুমায়ূন’-এ উঠে আসবে নন্দিত এই লেখককে ঘিরে নানা স্মৃতি, ভালোলাগা ও ব্যক্তিগত অনুভূতি। তাঁর সাহিত্য ও নির্মাণের সঙ্গে যুক্ত মানুষ এবং পাঠক-দর্শকদের কাছে হুমায়ূন আহমেদকে নতুন করে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। এর বাইরেও বিভিন্ন টিভি চ্যানেলে হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে থাকছে নানা রকম অনুষ্ঠানমালা।

অন্যদিকে হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। কথার জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে টিএসসি, ঢাকা

বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে এ আয়োজন করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিথি হিসেবে আরও থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহা. হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করবেন সংগঠনের অধিকর্তা শহীদুল হক মিল্কী। অনুষ্ঠানের নির্দেশনায় রয়েছেন নির্মাতা জাহিদুর রহমান। 

সম্পাদক ও প্রকাশক : মাসুদ পাটওয়ারী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা - ১২১২
ফোন : 01354425362 ই-মেইল : dailybartapost@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি