প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেসবুকে ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ এসব ভুয়া অ্যাকাউন্ট, পেইজ ও গ্রুপ শনাক্ত করেছে। অপপ্রচার ও অপতথ্য ছড়ানো ১৯টি ওয়েবসাইট, আট শতাধিক ফেইসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য শিরিন সুলতানার প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের অনুপস্থিতিতে এসব তথ্য তুলে ধরেন তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও চরিত্র হরণের চেষ্টা মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ কাজ করছে।
প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ’ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত এক হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই তথ্য যাচাইয়ের নির্দেশিকা বা ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে। স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। কারও কারও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই।