রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ‘ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা’ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেহেতু তারা অভিজ্ঞতাসম্পন্ন।
তিনি বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে। বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।
মীর শাহে আলম বলেন, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল, এ ছাড়া বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।