সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এ লক্ষ্যে আজ শুক্রবার সৌদি আরবের জেদ্দায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেছে, চুক্তিটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ দ্রুত এগিয়েছে। সৌদি সরকারের আরেকটি ঘনিষ্ঠ সূত্রও আজ চুক্তি সই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তি সই উপলক্ষে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, শাহবাজ শরিফ ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তাঁরা আগামীকাল শনিবার পর্যন্ত সেখানে থাকবেন। অন্যদিকে এরদোয়ানের আজ জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত শাহবাজ শরিফের সৌদি সফর অনুষ্ঠিত হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার সময় এই সফর হলেও এর গুরুত্ব তাৎক্ষণিক সংকট ও স্বল্পমেয়াদি বিবেচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।গত কয়েক মাস ধরে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য কৌশলগত জোট গঠনের বিষয়ে আলোচনা চলছিল। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে সক্রিয় রয়েছে তুরস্ক।এর আগে ২০২৫ সালে সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছিল। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ায় ওই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।