ঢাকা | শনিবার, ২২ আগস্ট ২০২৬
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক      মান সন্তোষজনক না হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন      মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে বহিষ্কার      জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী      বিরিয়ানির মাংস নরম করার ৫ সহজ কৌশল      ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী      আয়কর রিটার্ন জমা দিতে আয়ের যেসব কাগজপত্র লাগবে      ৬ মাসের মধ্যে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ      ‘এখনো তো শেষ হয়নি’, ম্যাচে ফেরার আশা শরিফুলের      নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’      কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে      জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর      ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন      জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকে হত্যাকাণ্ডের বিষয়ে চরমোনাই পীর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গতকাল রাতে নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের একজন তরতাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, চব্বিশে যেভাবে পাখির মতো গুলি করে এ দেশের মেধাবীদের হত্যা করা হয়েছিল, সেই শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারা এসবের পুনরাবৃত্তি করবে, তাদের অবস্থাও পতিত স্বৈরাচারের মতো হবে।

দেশের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ যারা দেশ পরিচালনা করেছে, তাদের নীতি-আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনি। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নি। নির্বিচারে যুগ যুগ ধরে জেলে পড়ে থাকার ঘটনাও বন্ধ হয়নি।

‘এসব নীতি-আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া ও আখিরাতে শান্তির পথ দেখাতে পারে’—যোগ করেন মুফতি রেজাউল করীম।

রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের অবস্থান তুলে ধরে দলের আমির বলেন, “আমরা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন, কেন এখনো আমরা সফল হইনি? তাদের বলবো, ‘মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে’।”

তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন মুমিনদের ভয় ও চিন্তা করার কারণ নেই তারাই বিজয়ী হবে। তাই ধৈর্যের সঙ্গে আল্লাহর রহমতকে পুঁজি করে কাজ করে যেতে হবে।

দেশের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসি। ইমানের একটি অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর চলছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন মায়েরা সন্তান হারিয়েছেন—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি।’

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৫ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। সঞ্চালনা করেন নগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এলাকা ভিত্তিক সংবাদ