ভোলার মনপুরা উপজেলার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ভাতা শনাক্তকরণ কর্মসূচিতে এসে সারাদিন মাঠ পর্যায়ে কর্মীদের সাথে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম পালোয়ান। একইসাথে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়া সাধারণ মানুষের তৃষ্ণা ও ক্ষুধা মেটাতে নিজ উদ্যোগে বোতলজাত সুপেয় পানি, কেক ও বিস্কুট বিতরণ করা হয়েছে ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের বায়োমেট্রিক ও তথ্য শনাক্তকরণ কাজ চলাকালে এই মানবিক চিত্র দেখা যায়।
সকাল থেকেই সমাজসেবা কার্যালয়ের এই শনাক্তকরণ কেন্দ্রে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত ভাতাভোগী তীব্র রোদ ও গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এবং প্রবীণ ভাতাভোগীদের সার্বিক সুবিধার্থে তিনি সারাদিন সমাজসেবা কার্যালয়ের কর্মীদের সাথে থেকে কাজ করেন। সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো, তথ্য যাচাইয়ে সহযোগিতা করা এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মীদের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যান ।
পাশাপাশি দীর্ঘ অপেক্ষার কারণে গরমে তৃষ্ণার্ত ও ক্লান্ত হয়ে পড়া প্রবীণ নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে নিজ হাতে বোতলজাত সুপেয় পানি, কেক ও বিস্কুট বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম পালোয়ান।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম পালোয়ান বলেন, "সমাজসেবা কার্যালয়ের ভাতা শনাক্তকরণে এসে তীব্র গরমে আমাদের এলাকার প্রবীণ অভিভাবক ও মা-বোনেরা চরম কষ্ট পাচ্ছিলেন। একদিকে কর্মীদের কাজে সহযোগিতা করে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি, অন্যদিকে প্রবীণদের কষ্ট লাঘবে সুপেয় পানি, কেক ও বিস্কুটের ব্যবস্থা করেছি। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থেকে সেবা করাই আমার মূল লক্ষ্য।"
দিনভর উপস্থিত থেকে সমাজসেবা কর্মীদের সহযোগিতা করা এবং সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার বিতরণের এমন মানবিক উদ্যোগের জন্য প্রবীণ নাগরিক ও স্থানীয় বাসিন্দারা সিরাজুল ইসলাম পালোয়ানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।