বরাদ্দ পাওয়া সার সময়মতো উত্তোলনে গড়িমসি না করতে ডিলারদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সার বিক্রি ও ব্যবস্থাপনায় ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষিসচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও কৃষি বিভাগের কর্মকর্তাদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যারা সারের সংকট তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গতকাল দেশের বিভিন্ন জেলার ডিসি ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা করে কৃষি মন্ত্রণালয়।
সভায় বলা হয়, ডিলার ও খুচরা বিক্রেতারা যত পরিমাণ সার বিক্রি করবেন, তার পুরো হিসাব রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। প্রতিটি বিক্রির বিপরীতে ক্রেতাকে রসিদ দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকানে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের সরকারি মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা কেউ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সার ব্যবস্থাপনার নতুন নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের এখনই বাতিল করে দেওয়া হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে, তা নিয়েও সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বলা হয়েছে, খুচরা বিক্রেতারা আগের মতোই তাঁদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন। এখনই তাঁদের কার্যক্রম বাতিল করা হচ্ছে না। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর তাঁদের বিক্রয় প্রতিনিধিরা নতুন ব্যবস্থায় যুক্ত হবেন। তখনই বর্তমান খুচরা বিক্রেতাদের কার্যক্রম বন্ধ হবে।
কৃষি মন্ত্রণালয়ের সভায় মাঠপর্যায়ে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত নজরদারি এবং নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার রাতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখবে।