মঙ্গলবার বিকালে কালেক্টর ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ফুটবল খেলোয়াড়ের সমন্বয়ে এক সভায় সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল অংশ গ্রহণ করবে।
প্রতি উপজেলার ফুটবল খেলোয়াড়রা নিজ নিজ উপজেলা দলে খেলবেন। সদর উপজেলার খেলোয়াড়রা সদর উপজেলা ও সদর পৌরসভা দলে খেলবেন। প্রথমপর্বে প্রতি দলে তিনজন ও দ্বিতীয় পর্বে ৬ জন করে দেশি-বিদেশি বহিরাগত ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় পর্বের খেলা বাফুফে স্বীকৃত বহিরাগত রেফারিরা পরিচালনা করবেন। দর্শকরা বিনামূল্যে বিনাটিকিটে ডিসি গোল্ডকাপ ফুটবল খেলা উপভোগ করতে পারবেন।
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়কে ও সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহীকে।