চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
প্রকাশিত ফল বিশ্লেষণের দেখা গেছে, ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন, ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন এবং সর্বশেষ ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।
এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।