ঢাকা | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানোর আহ্বান ট্রাম্পের      বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন      সুন্দরবন ভ্রমণে যৌন নিপীড়নের শিকার জাবির নারী শিক্ষার্থীরা      ডারউইনে বাংলাদেশের জয় নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম      প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল      গ্রিন ইয়ার্ডের বিষাক্ত গ্যাসে থমকে আছে তদন্ত      ঐশ্বরিয়াকে নিয়ে এক মন্তব্য করে দীর্ঘদিন ভুগেছেন ইমরান      ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ      শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি      উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা      বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী      ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি      নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস      যৌন হয়রানি ও প্রশ্ন ফাঁসের দায়ে রাবি অধ্যাপকের চাকরিচ্যুতি      পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রীর আত্মহত্যা

গ্রিন ইয়ার্ডের বিষাক্ত গ্যাসে থমকে আছে তদন্ত

সীতাকুণ্ডে মৃত্যুর মিছিল
গ্রিন ইয়ার্ডের বিষাক্ত গ্যাসে থমকে আছে তদন্ত
জনতার কথা বলে।
Daily Barta Post
ট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড। ছবি : সংগৃহীত
হংকং কনভেনশনের আন্তর্জাতিক মানদণ্ড মেনে শত শত কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে গ্রিন ইয়ার্ড ছাড়পত্র পেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে থামছে না মৃত্যুর মিছিল। শুক্রবার (১৪ আগস্ট) সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বাতিল এলএনজি ট্যাংকার এমটি রাসি কাটার সময় বদ্ধ ট্যাংকে জমে থাকা বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ থেকে ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ট্র্যাজেডি প্রমাণ করেছে, পরিবেশবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশের নামে আন্তর্জাতিক গ্রিন সনদের অন্তরালে বস্তুত ‘গ্রিনওয়াশিং’ বা ভুয়া সুরক্ষার ফাঁদ তৈরি হয়েছে, যা শ্রমিকদের ঠেলে দিচ্ছে চরম মৃত্যুর মুখে।
 
বিষাক্ত গ্যাসের ঝুঁকিতে থমকে আছে সরেজমিন তদন্ত
দুর্ঘটনার পর জাহাজের প্রকোষ্ঠে বিপজ্জনক রাসায়নিক ও বিষাক্ত গ্যাসের তীব্রতা অপরিবর্তিত থাকায় মূল দুর্ঘটনাস্থলে প্রবেশই করতে পারছে না তদন্তকারী দল। ফলে গ্যাস কাটার আগে সঠিক গ্যাস ফ্রি সনদ নিশ্চিত করা হয়েছিল কিনা কিংবা নিরাপত্তার কোথায় ঘাটতি ছিল, সে সংক্রান্ত মূল আলামত উন্মোচন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প মন্ত্রণালয়ের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শাখা বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে বুয়েট, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তর সহ ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করেছে।
 
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, পরিবেশ নিরাপদ না হওয়া পর্যন্ত জাহাজের ভেতরে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না, তবে পারিপার্শ্বিক নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের কাজ চলছে।
 
১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেলার আইনি ও আদালত অবমাননার নোটিশ
উচ্চ আদালতের নির্দেশনার চরম অবজ্ঞা ও প্রশাসনিক শিথিলতার অভিযোগ এনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) শিল্প, পরিবেশ ও শ্রম মন্ত্রণালয়ের তিন সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএসবিআরএ-এর সভাপতি মহসিন চৌধুরী এবং ইয়ার্ড মালিক ফেরদৌস ওয়াহিদসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি ও আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে। বেলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তাসলিমা ইসলাম এই নোটিশ দেন। বেলার অভিযোগে বলা হয়, মালিকপক্ষ ও শিল্প মন্ত্রণালয় নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় তাদের গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষ হতে পারে না। তাই সংস্থাটি নিরপেক্ষ বিশেষজ্ঞ তদন্তের পাশাপাশি ৩ দিনের আলটিমেটাম দিয়ে ইয়ার্ড বন্ধ, সব লাইসেন্স ও অনাপত্তি বাতিল, মূল অভিযুক্তদের পাসপোর্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সহ ৮ দফা দাবি জানিয়েছে।
 
ফ্লাগ অব কনভিনিয়েন্স ও আন্তর্জাতিক আইনের ফাঁকি
দুর্ঘটনাগ্রস্ত এলএনজি ট্যাংকার এমটি রাসি (আয়ুষ্কাল ২৬ বছর) অধিকাংশ সময় বাসেল কনভেনশনের স্বাক্ষরকারী দেশ দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ও তাদের পতাকাবাহী ছিল। কিন্তু বাংলাদেশে ভাঙার জন্য পাঠানোর ঠিক আগে কঠোর আন্তর্জাতিক বর্জ্য নিষ্কাশন আইন (বাসেল কনভেনশন) এড়াতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের মতো ধূসর/কালো তালিকাভুক্ত দেশের ফ্ল্যাগ অব কনভিনিয়েন্স বা সুবিধাজনক পতাকা ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। ২০১৭ সালে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনায় বলা হয়েছিল যে, কালো বা ছাই তালিকাভুক্ত দেশ থেকে ঝুঁকিপূর্ণ পুরোনো জাহাজ আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু তদারকি সংস্থাগুলোর গাফিলতিতে নিষিদ্ধ দেশের জাহাজ অবলীলায় ইয়ার্ডে ঢোকার সুযোগ পাচ্ছে।
 
গ্রিন ইয়ার্ডে অরক্ষিত শ্রমিক
বাংলাদেশে বর্তমানে ৩১টি সচল শিপইয়ার্ডের মধ্যে ২৩টি গ্রিন ইয়ার্ড এবং ৮টি প্রক্রিয়াধীন। অথচ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্যমতে, ২০২৫ সালের ২৬ জুন হংকং কনভেনশন কার্যকরের পর থেকে ২০২৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত গ্রিন ইয়ার্ডগুলোতেই ৮৪টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। 
ইপসার তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২৯ জন নিহত ও ২০৫ জন আহত হন। ফেরদৌস স্টিল এর আগেও ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ৬টি দুর্ঘটনা ঘটে ৩ জন প্রাণ হারিয়েছিলেন। কেবল চলতি বছরেই প্রাণহানি দাঁড়িয়েছে ১২ জনে। জুলাই মাসেই নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ডিআইএফই ফেরদৌস স্টিলের বিরুদ্ধে মামলা দায়ের করলেও তদারকির অভাবে ছুটিবিহীন কাজ করানো ও বছরে মাত্র এক সেট পুরোনো সরঞ্জাম সরবরাহের মতো নিয়ম লঙ্ঘন নিয়মিত ঘটেছে।
 
এদিকে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার ওয়ার্ড গুলোর গাফিলতি স্বীকার করে ফেরদৌস স্টিলের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের কথা জানিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি ১৭টি সংস্থা ও ৭টি মন্ত্রণালয়ের যৌথ মনিটরিং ব্যবস্থা কাগজের স্তূপে বন্দি না রেখে নিরপেক্ষ জবাবদিহিতা নিশ্চিত না করলে শিপব্রেকিং খাতের এই নির্মম ট্র্যাজেডি বন্ধ করা অসম্ভব।
 
অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, যে জাহাজকে গ্যাস ফ্রি সনদ দেওয়া হয়েছিল, সেখানে বিষাক্ত গ্যাস কীভাবে পাওয়া গেল? তারা এই সনদের বৈধতা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। 
 
শ্রমিক নেতাদের প্রশ্ন যে জাহাজকে গ্যাস ফ্রি সনদ দেওয়া হয়েছিল, সেখানে বিষাক্ত গ্যাস কীভাবে পাওয়া গেল? তারা এই সনদের বৈধতা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান এবং এই ঘটনাকে হালকাভাবে নেওয়ার চেষ্টায় তীব্র নিন্দা জানিয়েছেন।    
 
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত বলেন, বড় ঘটনাগুলো আড়ালে পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। 
 
বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন বলেন, একদিকে নয়জন শ্রমিকের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই রোববার (১৬ আগস্ট) চট্টগ্রামের আরেকটি গ্রিন ইয়ার্ড বারাকা শিপব্রেকিং শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। এই ইয়ার্ডে দুর্ঘটনা প্রমাণ করে নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কতটা গাফিলতি রয়েছে। 
 
তিনি বলেন, শিল্প খাতটিকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি। 
এলাকা ভিত্তিক সংবাদ