যুক্তরাষ্ট্রে ভিসায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
শনিবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসাসংক্রান্ত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা দেশটিতে প্রবেশের নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কত দিন অবস্থান করা যাবে এবং কী ধরনের শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
মার্কিন দূতাবাস আরও জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা নিজের ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়-এমন কোনো কর্মকাণ্ডে জড়ান, তাহলে ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির-এমনটিও উল্লেখ করা হয়েছে পোস্টে।