জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। প্রকাশিত ১০টি পোস্টারের সবগুলোই জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক।
পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পোস্টকার্ড ‘নোটস্ অন জুলাই’-এ সব শ্রেণি-পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে।
তিনি আশাপ্রকাশ করে বলেন, বিপুল সংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করবেন। এসব পোস্টকার্ড গুরুত্ব-সহকারে সংরক্ষণ করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থার কার্যক্রম চলমান উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেন্দ্রীয়ভাবে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে।
এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও মন্ত্রণালয়ের দফতর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।