বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় থেকে বেশ কিছু দিন ধরেই বিরতিতে ছিলেন। এ নিয়ে তার ভক্ত-অনুরাগীরা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তিনি কি অভিনয় ছেলে দিলেন? আবার গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার পর থেকেই নাটকের কাজে নিয়মিত দেখা যায়নি অভিনেত্রীকে।
দীর্ঘ প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ না নেওয়ায় তার নাটক ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে।
তবে সেই গুঞ্জনে ইতি টেনে আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। বিরতির পর এরই মধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন তিশা।
আবার সিনেমা ‘সোলজার’র কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গত বছর সিনেমাটির শুটিং শুরু হলেও একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি ছিল।
জানা গেছে, একজন সাধারণ মানুষ দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে এমন একটি সিনেমা নির্মিত হচ্ছে। আগামী মাসে বাকি অংশের শুটিং শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমা 'সোলজার'।
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় তানজিন তিশার বিপরীতে কাজ করছেন ঢালিউড কিং শাকিব খান। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ আরও অনেকে।
এদিকে মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’র পাশাপাশি চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকেও অভিনয় করেছেন এ অভিনেত্রী। চয়নিকা চৌধুরীর নির্মাতা হিসেবে ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে ‘প্রথম দেখার পর’। নাটকটিতে তিশার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
শুটিংয়ের ফাঁকে নাটকে ফেরার কারণ জানতে চাইলে তিশা বলেন, নাটক তার শিকড় এবং এ জায়গা থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে রাখতে চান না।
এ অভিনেত্রী বলেন, প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। এ কারণে সবাই ধরে নিয়েছিল, সিনেমার জন্য হয়ত নাটক ছেড়ে দিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি— আমার শিকড় আমি কখনো ভুলি না। নাটক আমার শিকড়, একই সঙ্গে এটি আমার ভালোবাসার জায়গা। যখন মনে হলো আবার শুরু করা উচিত, তখন চয়নিকা দিদির ‘প্রথম দেখার পর’ নাটকের জন্য শিডিউল দিই। এর আগে আরও একটি নাটকের কাজ করেছি।'
তিশা বলেন, ‘প্রথম দেখার পর’ নাটকটি একটি সুন্দর ভালোবাসার গল্প। দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। নির্মাতার সঙ্গে আগের কাজগুলোর মতো এবারও দর্শকদের ভালোবাসা পাবেন বলে আশাবাদী তিনি।