সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। বুধবার (৯ সেপ্টেম্বর) অধিকৃত গোলান মালভূমির মাউন্ট হারমন এলাকায় নেতানিয়াহুর সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মাউন্ট হারমনের ইসরায়েল-নিয়ন্ত্রিত অংশে প্রবেশ করেন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার ভূখণ্ডে নেতানিয়াহুর ‘অবৈধ প্রবেশ’ এবং মাউন্ট হারমন এলাকায় তার সফর একটি ‘উসকানিমূলক পদক্ষেপ’। এটি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইনেরও ‘স্পষ্ট লঙ্ঘন’।
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের ধারাবাহিক অনুপ্রবেশ ও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দামেস্কের দাবি, এসব কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
ইসরায়েলের এসব কর্মকাণ্ডের পরিণতির জন্য দেশটিকে সম্পূর্ণ দায়ী করে সিরিয়া। একই সঙ্গে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।
এ ছাড়া ১৯৭৪ সালের বাহিনী বিচ্ছিন্নকরণ চুক্তিতে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছে সিরিয়া।
নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে হলো, যখন ইসরায়েলে অক্টোবরে অনুষ্ঠেয় নেসেট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা চলছে।